মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারের চলমান পরিস্থিতি পর্যালোচনা এবং অস্থিরতা নিরসনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাজারে স্বাভাবিক ও স্থিতিশীল লেনদেন নিশ্চিত করা, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা এবং বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে ডিএসই ও ডিবিএর শীর্ষ কর্মকর্তাসহ সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বাজারের সাম্প্রতিক পরিস্থিতি, ব্রোকারেজ হাউসের কমপ্লায়েন্স ও সার্ভেইল্যান্স কার্যক্রম, নতুন IPO ও আর্থিক পণ্যের সরবরাহ এবং বিনিয়োগকারী সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


‎বৈঠকের শুরুতে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও বিভ্রান্তি দূর করতে এ ধরনের মতবিনিময় সভা অত্যন্ত সময়োপযোগী।
‎তিনি বলেন, বর্তমানে অধিকাংশ ব্রোকার ও বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। বাজারের আস্থা ও কার্যক্রম স্বাভাবিক রাখতে ডিএসই, নিয়ন্ত্রক সংস্থা এবং সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাজারকে দমন নয়, বরং কমপ্লায়েন্ট, প্রাণবন্ত, দক্ষ ও বিকাশমান পুঁজিবাজারে রূপান্তর করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

‎নতুন IPO ও আর্থিক পণ্যে জোর
‎বৈঠকে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় Investor Protection Fund (IPF) নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।


‎তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাজারে নতুন IPO না আসা এবং Fixed Income Securities-এর সীমিত উপস্থিতি পুঁজিবাজারের অন্যতম দুর্বলতা। এ কারণে নতুন IPO এবং আর্থিক পণ্যের সরবরাহ বাড়ানোকে ডিএসইর অন্যতম অগ্রাধিকার হিসেবে নেওয়া হয়েছে।
‎তিনি জানান, নতুন বন্ডের Listing Fee কমানো হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মার্চ পর্যন্ত IPO বা Direct Listing-এর আবেদনকারী কোম্পানির প্রথম বছরের Listing Fee-এর ৫০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎ব্রোকারেজে হস্তক্ষেপ নয়, অনিয়মে তদন্ত
‎ব্রোকারেজ হাউসগুলোর ওপর ডিএসইর অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে ডিএসই চেয়ারম্যান বলেন, পরিচালনা পর্ষদ Regulatory Affairs Department-এর দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করে না। পর্ষদ কেবল নীতিগত দিকনির্দেশনা প্রদান করে। নির্দিষ্ট অনিয়মের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বিষয়েই তদন্ত বা অনুসন্ধান করা হবে।

‎সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতি তিনি আহ্বান জানান, CC account, শেয়ার বা অন্যান্য সম্পদে কোনো ঘাটতি থাকলে তা দ্রুত নিজ উদ্যোগে সমাধান করতে হবে। এ ধরনের ঘাটতি শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম নয়, পুরো বাজারের ecosystem-এর সুনাম ক্ষতিগ্রস্ত করতে পারে।


‎ডিএসই চেয়ারম্যান বলেন, “বাজারকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হলে সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।”
‎ইন্সপেকশন নিয়ে ব্যাখ্যা

‎বৈঠকে জানানো হয়, ২০২৫ সালের কমপ্লায়েন্স ও সার্ভেইল্যান্স সংক্রান্ত কিছু ইন্সপেকশন কার্যক্রম অমীমাংসিত ছিল। এসব কার্যক্রমের প্রতিবেদন বিএসইসিতে দাখিলের মাধ্যমে নিষ্পত্তি করা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিভিন্ন ব্রোকারেজ হাউসে ইন্সপেকশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
‎এদিকে অস্বাভাবিক লেনদেনের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন বৈঠকের বক্তারা। তাদের মতে, কোনো নির্দিষ্ট সময়ে বেশি পরিমাণ শেয়ার লেনদেন হলেই সেটিকে অনিয়ম হিসেবে বিবেচনা করা উচিত নয়। লেনদেনের ধরন, মূল্য-প্রভাব, বিনিয়োগকারীর সক্ষমতা ও নির্দেশনাসহ সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনা করে অস্বাভাবিকতা নির্ধারণ করা প্রয়োজন। বৈঠকে সদস্য প্রতিষ্ঠানগুলোর সমস্যা, উদ্বেগ, পরামর্শ ও নতুন ধারণা ডিএসইর কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়। বাজারসংশ্লিষ্টদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে পুঁজিবাজারের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST