শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

বিএটি’র লভ্যাংশ ঘোষণা

বিএটি’র লভ্যাংশ ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ লিমিটেড ২০২৫ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগের বছরের তুলনায় কোম্পানিটির আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য অবনতি হয়েছে।

২০২৫ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৭ শতাংশ কম। আয় কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে ডিভিডেন্ড ঘোষণায়। ২০২৪ সালে যেখানে ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করা হয়েছিল, সেখানে এবার তা কমিয়ে আনা হয়েছে ৩০ শতাংশে। আগামী ৩০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।

কোম্পানি সূত্রে জানা গেছে, বছরের শেষ প্রান্তিক (অক্টোবর–ডিসেম্বর) কোম্পানির জন্য ছিল সবচেয়ে কঠিন সময়। এই সময়ে প্রায় ১৩৬ কোটি টাকা লোকসান হয়েছে, যার ফলে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৫৩ পয়সা। সিগারেট বিক্রির পরিমাণ কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়াকে এই লোকসানের প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১ জুলাই মোহাখালী কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার পর ব্যবসায়িক কার্যক্রমে চাপ সৃষ্টি হয়। পাশাপাশি আবগারি শুল্ক বৃদ্ধি এবং উৎপাদন কেন্দ্র স্থানান্তরজনিত অতিরিক্ত ব্যয় কোম্পানির আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। যদিও ডিভিডেন্ড কমানোর বিষয়ে কোম্পানি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তবুও তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে বিক্রয় হ্রাস ও ব্যয় বৃদ্ধি—এই দুই কারণকেই দুর্বল পারফরম্যান্সের পেছনে প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST