শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

পুঁজিবাজারে ডিভিডেন্ডে অনিয়ম ১০ কোম্পানির অর্ধশতাধিক পরিচালক-কর্মকর্তার বিরুদ্ধে বিএসইসির ব্যবস্থা

পুঁজিবাজারে ডিভিডেন্ডে অনিয়ম ১০ কোম্পানির অর্ধশতাধিক পরিচালক-কর্মকর্তার বিরুদ্ধে বিএসইসির ব্যবস্থা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো ডিভিডেন্ডে অনিয়ম: ১০ কোম্পানির অর্ধশতাধিক পরিচালক-কর্মকর্তার বিরুদ্ধে বিএসইসির ব্যবস্থা
২৯ কোটি টাকার বেশি জরিমানা, এককভাবে সর্বোচ্চ ১৪ কোটি ১০ লাখ টাকা গুনতে হবে লুব-রেফ সংশ্লিষ্টদের
নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ে বিনিয়োগকারীদের ঘোষিত নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) পরিশোধ না করা এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘনের দায়ে তালিকাভুক্ত ১০টি কোম্পানির পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিতভাবে ২৯ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। এর মধ্যে লুব-রেফের সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর আরোপ করা হয়েছে সর্বোচ্চ ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানা।
বিএসইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি এ বিষয়ে পৃথক পৃথক আদেশ জারি করেছে কমিশন। আদেশে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকে পরবর্তী প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে বলে সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত কোম্পানিগুলো শুধু বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধেই গড়িমসি করেনি, বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রতিবেদনও কমিশনে জমা দেয়নি। এ বিষয়ে বিএসইসি থেকে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হলেও কয়েকটি কোম্পানি কোনো জবাব দেয়নি। ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে দায়ী করে জরিমানার সিদ্ধান্ত নেয় কমিশন।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে জানান, শেয়ারহোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড নির্ধারিত সময়ে পরিশোধ না করার অপরাধে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে এ আর্থিক দণ্ড আরোপ করা হয়েছে। এ ঘটনায় ১০টি কোম্পানির অন্তত ৫০ জন পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা শাস্তির আওতায় এসেছেন বলে জানা গেছে।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে অধিকাংশ কোম্পানি মুনাফা করলেও সিকিউরিটিজ আইন ও বিধিমালা অনুসারে বিনিয়োগকারীদের ঘোষিত নগদ লভ্যাংশ পরিশোধ করেনি। বিএসইসির প্রচলিত বিধান অনুযায়ী, নগদ লভ্যাংশ ঘোষণার ১০ দিনের মধ্যে সমপরিমাণ অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখতে হয়। পাশাপাশি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা শেয়ারহোল্ডারদের কাছে বিতরণ করতে হয়। এসব বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানি ও দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এমনকি নিয়ম লঙ্ঘনের কারণে কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের ঝুঁকিও তৈরি হয়।
লুব-রেফে সর্বোচ্চ জরিমানা
বিএসইসির আদেশ অনুযায়ী, জরিমানার অঙ্কের দিক থেকে শীর্ষে রয়েছে লুব-রেফ। কোম্পানিটির চেয়ারম্যান রুবিয়া নাহার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ এবং পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ, ড. ইসরাত জাহান, আহমেদ হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. ইমরান আজাদের প্রত্যেককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ছয়জনের বিরুদ্ধে মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ১০ লাখ টাকা।
অন্যদিকে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইসমত জাহান এবং পরিচালক ফাহিম চৌধুরী ও আজমাইন মাহতাব চৌধুরীর প্রত্যেককে প্রায় ২ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।
ওরিজা অ্যাগ্রোর চেয়ারম্যান মালিহা খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেদুল ইসলাম এবং পরিচালক এম আজহার রহমান ও নিবরাস উল্লাহ সিদ্দিকীর প্রত্যেককে ৪৭ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কৃষিবিদ সিডের চেয়ারম্যান ড. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ তসলিম রেজা এবং পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক ড. আবদুল হামিদ, ড. মো. শাহজাহান, মো. ইব্রাহিম খলিল ও তাসলিমা ইয়াসমিনের প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
জরিমানার আওতায় আরও পাঁচ কোম্পানি
বাকি পাঁচটি কোম্পানির পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসব জরিমানার পরিমাণ সর্বোচ্চ ২০ লাখ থেকে সর্বনিম্ন ১ লাখ টাকা পর্যন্ত।
এর মধ্যে রয়েছে সাফকো স্পিনিং মিলস। কোম্পানিটির চেয়ারম্যান সৈয়দ এ কে এম সালিম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ বি এম হুমায়ুন এবং পরিচালক সৈয়দ সাকেব আহমেদ জরিমানার আওতায় এসেছেন।
মামুন অ্যাগ্রো প্রোডাক্টসের চেয়ারম্যান নাসরিন জাহান মামুন, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ এবং পরিচালক তাসনিম তামান্না ও তাবাসসুম জান্নাত নোভাকেও জরিমানা করা হয়েছে।
এ ছাড়া প্যাসিফিক ডেনিমসের চেয়ারম্যান মো. শাদেকুর আলম ইয়াসিন, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম (মহসিন) এবং পরিচালক মো. সোহেল খান ও এম এ কামাল ভূঁইয়া শাস্তির আওতায় রয়েছেন।
অ্যাডভেন্ট ফার্মার চেয়ারম্যান আসিফ ইকবাল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া বিনতে আলম এবং পরিচালক ওয়াজহি আহমেদ, কাজী রিনা আলম, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও খন্দকার সাগীর আহমেদকেও জরিমানা করা হয়েছে।
জেনেক্স ইনফোসিসের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি ও নিলুফার ইমাম, কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং প্রধান আর্থিক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদও কমিশনের শাস্তিমূলক ব্যবস্থার আওতায় এসেছেন।
বাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তবে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো কোম্পানি ঘোষিত ডিভিডেন্ড পরিশোধে গড়িমসি করতে না পারে, সে বিষয়ে কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST