আজকের পুঁজিবাজার:আজকের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণমান নির্ধারণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে প্রগতি ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ঋণমান পেয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংক দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ ঋণমান অর্জন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রগতি ইন্স্যুরেন্সের ঋণমান নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণের ভিত্তিতে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ঋণমান নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির ঋণমানের পূর্বাভাস স্থিতিশীল বা ‘স্টেবল’ রাখা হয়েছে।
অন্যদিকে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণমান নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসল)। ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ঋণমান ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এই ঋণমান নির্ধারণ করা হয়েছে।
ক্রিসলের মূল্যায়নে ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির ঋণমানের পূর্বাভাস ‘ডেভেলপিং’ বা উন্নয়নশীল রাখা হয়েছে।
কোম্পানি ও ব্যাংকের পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ঘোষণায় এসব তথ্য জানানো হয়েছে।
Leave a Reply