আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে পুঁজিবাজারে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে একজন বিনিয়োগকারী একই দিনে কোনো কোম্পানির শেয়ার কিনে সেদিনই বিক্রি করতে পারবেন। বাজারকে আরও গতিশীল ও আধুনিক করার পাশাপাশি এ ব্যবস্থায় কারসাজি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার বিএসইসির ১০২০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেনদেনব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর স্টক এক্সচেঞ্জগুলোকে স্ক্রিপ নেটিং চালুর অনুমতি দেওয়া হবে।
বর্তমানে কোনো কোম্পানির শেয়ার কেনার পর তা বিক্রি করতে দুই কার্যদিবস অপেক্ষা করতে হয়। অর্থাৎ টি+২ নিষ্পত্তি ব্যবস্থার কারণে তৃতীয় কার্যদিবসে শেয়ার বিক্রি করা যায়। তবে স্ক্রিপ নেটিং চালু হলে একই দিনে একটি শেয়ার একাধিকবার কেনাবেচা করা সম্ভব হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, দীর্ঘদিন ধরেই স্ক্রিপ নেটিং চালুর দাবি ছিল। নতুন কমিশন সেই দাবি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ ব্যবস্থা প্রয়োজন ছিল। তবে এটি কত দ্রুত চালু হবে, তা স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করবে।
তিনি জানান, শুরুতে সব কোম্পানির শেয়ারে এ সুবিধা চালু নাও হতে পারে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু কোম্পানি, যেমন ডিএসই-৩০ সূচিভুক্ত শেয়ার দিয়ে এ কার্যক্রম শুরু হতে পারে।
Space for ads
ডিএসইর এক সাবেক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্ক্রিপ নেটিং চালু হলে বাজারে লেনদেন ও তারল্য বাড়বে। এতে ব্রোকারেজ হাউস ও স্টক এক্সচেঞ্জের আয়ও বাড়তে পারে। একই সঙ্গে কারসাজির সুযোগ কমবে। কারণ, একই দিনে শেয়ার কিনে দাম বাড়লেই বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার সুযোগ থাকলে কৃত্রিমভাবে বিক্রেতাশূন্য পরিস্থিতি তৈরি করা কঠিন হবে।
এদিকে কমিশন সভায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান-এর ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ফান্ডটি অবলুপ্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে বিএসইসি। ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফান্ডটির মোট ইউনিট মূলধন ১০৪ কোটি ৩২ লাখ টাকা এবং প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধনী খসড়ারও অনুমোদন দিয়েছে কমিশন। জনমত যাচাইয়ের জন্য শিগগিরই খসড়াটি পত্রিকা ও বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অংশীজন ও সাধারণ মানুষের মতামত পর্যালোচনার পর সংশোধিত বিধিমালা চূড়ান্ত করা হবে।
এর আগে ৯ জুলাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) এক অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যেই মার্জিন ঋণসংক্রান্ত বিধিমালায় পরিবর্তন আনা হবে।
Leave a Reply