সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

আইসিবির লোকসানের কারণ খুঁজতে কমিটি

আইসিবির লোকসানের কারণ খুঁজতে কমিটি

আজকের পুঁজিবাজার:রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ধারাবাহিক লোকসান ও আর্থিক সংকটে পড়ার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

‎একসময় দেশের পুঁজিবাজারের অন্যতম লাভজনক ও আস্থার প্রতীক ছিল আইসিবি। তবে গত এক দশকে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে। বর্তমানে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশও দিতে পারছে না। প্রভিশন ঘাটতি, মিউচুয়াল ফান্ড পরিচালনা নিয়ে নানা প্রশ্ন এবং আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের প্রেক্ষাপটে তদন্তের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

‎তদন্ত কমিটিতে রয়েছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, সহকারী পরিচালক মতিউর রহমান এবং সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম সাদ্দাম।

‎আইসিবির সূত্রে জানা গেছে, গত অর্থবছরে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) আইসিবির সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৫৮৮ কোটি ৭২ লাখ টাকা। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ২৭৭ কোটি টাকা।

বিএসইসির নির্বাহী পরিচালক আবুল কালাম বলেন, আইসিবির কয়েক বছরের আর্থিক হিসাব, সম্পদ ও দায়, লাভ-লোকসান, নগদ প্রবাহ এবং প্রতিষ্ঠানটির পরিচালিত বিভিন্ন ফান্ডের পারফরম্যান্স ও আর্থিক সক্ষমতা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST