রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ফিনিক্স ফাইন্যান্সের ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) নিবন্ধন সনদ স্থগিত করেছে

ফিনিক্স ফাইন্যান্সের ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) নিবন্ধন সনদ স্থগিত করেছে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিয়ক প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) নিবন্ধন সনদ স্থগিত করেছে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো জমা দিয়ে নিবন্ধন নবায়ন না করায় কোম্পানিটির ডিপি সনদ স্থগিত করা হয়েছে।

‎গত ১২ আগস্ট থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে। এর একদিন আগে ১১ আগস্ট ফিনিক্স ফাইন্যান্সের ডিপোজিটরি পার্টিসিপেন্ট লাইসেন্সের মেয়াদ শেষ হয়। সিডিবিএল থেকে প্রতিষ্ঠানটিকে পাঠানো চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎সিডিবিএল জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিবন্ধন স্থগিত থাকবে।

‎ডিপোজিটরি পার্টিসিপেন্ট লাইসেন্সের মাধ্যমে কোনো আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলা, পরিচালনা ও বন্ধ করা, কাগজের শেয়ারকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তর, ইলেকট্রনিক সিকিউরিটিজ হস্তান্তর ও নিষ্পত্তি এবং ক্লিয়ারিং ও কাস্টডি সেবা দিতে পারে।

‎ফিনিক্স ফাইন্যান্স একটি তালিকাভুক্ত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সিডিবিএলের অধীনে ডিপি লাইসেন্স ছিল। এই লাইসেন্সের আওতায় প্রতিষ্ঠানটি নিজস্ব সিকিউরিটিজ হিসাব পরিচালনার পাশাপাশি গ্রাহকদের কাস্টডি সেবা এবং স্টকব্রোকার ও ডিলারদের ক্লিয়ারিং হিসাব পরিচালনা করতে পারত।


‎ডিপোজিটরি (ইউজার) রেগুলেশনস-২০০৩-এর ৩০(৬) ধারায় বলা হয়েছে, নির্ধারিত ফি দিয়ে প্রয়োজনীয় আবেদন ও কাগজপত্র সিডিউল অনুযায়ী ডিপোজিটরির মাধ্যমে কমিশনে জমা দিয়ে ডিপি নিবন্ধন নবায়ন করতে হবে। কাস্টডি পার্টিসিপেন্টদের জন্য পাঁচ বছরের নবায়ন ফি ৫০ হাজার টাকা। ট্রেডিং পার্টিসিপেন্টদের ক্ষেত্রে ফি ২ হাজার টাকা এবং অন্যান্য পার্টিসিপেন্টদের জন্য ৪ হাজার টাকা। শেষের দুটি শ্রেণির নিবন্ধনের মেয়াদ এক বছর।

‎নিয়ম অনুযায়ী, নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার অন্তত এক মাস আগে নবায়নের আবেদন করতে হয়। বিলম্ব হলে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানার বিধান রয়েছে। তবে নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নবায়নের আবেদন করেনি ফিনিক্স ফাইন্যান্স।

‎এদিকে, আর্থিক সংকটের মধ্যেই প্রতিষ্ঠানটির ডিপি নিবন্ধন স্থগিত হলো। নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ফিনিক্স ফাইন্যান্সের নিট লোকসান হয়েছে ৩৩৯ কোটি ২৫ লাখ টাকা। একই বছরের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির নিট সম্পদের পরিমাণ ঋণাত্মক ছিল ১ হাজার ৬৯৯ কোটি ৫৬ লাখ টাকা।

‎প্রতিষ্ঠানটির কার্যক্রম চলমান রাখার সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে নিরীক্ষক সম্পদ ও দায়ের মেয়াদ কাঠামোও পর্যালোচনা করেন। এতে তারল্য ব্যবস্থাপনায় বড় ধরনের অসামঞ্জস্যের চিত্র উঠে আসে।

‎নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ফিনিক্স ফাইন্যান্সের নিট তারল্য ঘাটতি ছিল ১ হাজার ৬৮৮ কোটি টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটির অর্থায়নে বড় ধরনের ঘাটতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST