সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বিএসইসি বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল

বিএসইসি বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল

আজকের পুঁজিবাজার :বন্ধ কোম্পানিকে ডিলিস্টিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন বলছে, এ ধরনের সংবাদ বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রোববার বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ থাকা বা অচল কোম্পানিগুলোকে তালিকাচ্যুত (ডিলিস্টিং) করার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে এ ধরনের দাবি সঠিক নয়।

তবে বিএসইসি বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কমিশনের মতে, যেসব কোম্পানি দীর্ঘদিন ধরে কার্যক্রমহীন এবং ‘গোয়িং কনসার্ন’ ঝুঁকিতে রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের যথাযথ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৯ জুলাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান শেয়ারবাজারের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।

কিন্তু ওই আলোচনার পর কয়েকটি সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ করা হয় যে, বিএসইসি বন্ধ কোম্পানিগুলোকে ডিলিস্টিং করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের দাবি, এ ধরনের উপস্থাপনা প্রকৃত বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে অপ্রয়োজনীয় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST