আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বিরুদ্ধে ক্যাশ ডিভিডেন্ড পরিশোধে ব্যর্থতা, আর্থিক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে আফতাব অটোমোবাইলস লিমিটেড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ টাকা করে অর্থদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে জেনেক্স ইনফোসিস পিএলসি-এর চেয়ারম্যানসহ আটজনকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত ১৯ মে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৪তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২১ মে) কমিশনের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, আফতাব অটোমোবাইলস ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ঘোষিত মোট ৭ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪৬৪ টাকার মধ্যে কোম্পানিটি ৬ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৮১৪ টাকা ৩৩ পয়সা পরিশোধ করলেও অবশিষ্ট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৪৯ টাকা ৬৭ পয়সা পরিশোধ করতে ব্যর্থ হয়।
এ ঘটনায় কমিশন নির্দেশনা দিয়েছে যে, আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে অবণ্টিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থদণ্ড কার্যকর হবে এবং সময়সীমা পেরিয়ে যাওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে তা আদায় করা হবে।
আফতাব অটোমোবাইলসের চেয়ারম্যান শফিউল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে ৩০ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পরিচালক খালেদা ইসলাম, সাজেদুল ইসলাম ও ফারহানা ইসলামকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)কে ১০ লাখ টাকা এবং কোম্পানি সেক্রেটারিকে ৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, এসব জরিমানা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ করা হবে। পাশাপাশি এ জরিমানার ফলে অবণ্টিত ডিভিডেন্ড পরিশোধের দায় থেকে কোম্পানি অব্যাহতি পাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
অন্যদিকে, জেনেক্স ইনফোসিস পিএলসি ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের দিতে ব্যর্থ হয়। বিষয়টি সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের শামিল হওয়ায় কোম্পানির তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর শাহজালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি ও নিলুফার ইমামকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তৎকালীন সিএফও ও কোম্পানি সেক্রেটারিকেও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ কোম্পানির সংশ্লিষ্ট আটজনের বিরুদ্ধে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিএসইসি।
কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, পরিচালক মো. রুহুল কবির খান, হযরত আলী ও জারিন কবির খানকে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া প্রধান অর্থ কর্মকর্তা মো. আজিজুল জব্বারকে ১০ লাখ টাকা এবং কোম্পানি সচিব তাপস কুমার সরকারকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সব মিলিয়ে কোম্পানিটির সংশ্লিষ্ট সাত কর্মকর্তার বিরুদ্ধে মোট ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি বলছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইন লঙ্ঘনের ঘটনায় কমিশন ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে।
Leave a Reply