আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ক্ষুদ্র ও মাঝারি শিল্পভিত্তিক এসএমই বোর্ডে বড় নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সেকেন্ডারি মার্কেটে কমপক্ষে ১০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে—এমন যেকোনো বিনিয়োগকারী এসএমই প্ল্যাটফর্মে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কমিশনের ৯৯০তম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে এসএমই বোর্ডে লেনদেনের জন্য বিনিয়োগের ন্যূনতম সীমা ছিল ৩০ লাখ টাকা, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হচ্ছিল।
সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, দেশি ও বিদেশি উভয় শ্রেণির বিনিয়োগকারীরা যদি ডিএসইর সেকেন্ডারি মার্কেটে অন্তত ১০ লাখ টাকার পোর্টফোলিও ধারণ করেন, তাহলে তারা এসএমই বোর্ডে ‘কোয়ালিফাইড ইনভেস্টর’ হিসেবে গণ্য হবেন। এ লক্ষ্যে বিএসইসি ২০২২ সালের ২১ সেপ্টেম্বর জারি করা নির্দেশিকায় পরিবর্তন আনতে যাচ্ছে।
বিএসইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগের কমিশনের সময়ে আইনের মূল বিধিমালার সঙ্গে পৃথক নির্দেশনার মাধ্যমে যে অসামঞ্জস্য তৈরি হয়েছিল, তা বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। বর্তমান কমিশন সেই বিভ্রান্তি দূর করতে এবং বিধিমালার সঙ্গে নির্দেশনার সামঞ্জস্য নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে।
Leave a Reply