পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ১৬১ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি প্রেফারেন্স শেয়ার ছেড়ে এই অর্থ সংগ্রহ করবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত সোমবার প্রিমিয়ার সিমেন্টকে প্রেফারেন্স শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের এই অনুমোদন দিয়েছে বিএসইসি।
কোম্পানিটি ফুল্লি রিডিমঅ্যাবল, নন-কনভার্টেবল, নন-পার্টিসিপেটিভ ও কিউমুলেটিভ বৈশিষ্টের ১৬১ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। এ অর্থ দিয়ে উচ্চ সুদের স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ করা হবে।
বাজার থেকে নতুন করে ১৬১ কোটি টাকা সংগ্রহ করতে প্রিমিয়ার সিমেন্ট ৩২২টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটি প্রেফারেন্স শেয়ারের অভিহিত মূল্য বা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এই শেয়ার বিক্রি করা হবে। অরূপান্তরযোগ্য এই প্রেফারেন্স শেয়ারের মেয়াদ নির্ধারণ করা হয়েছে আপাতত পাঁচ বছর।
কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রেফারেন্স শেয়ার ছেড়ে বাজার থেকে সংগ্রহ করা অর্থে কোম্পানিটি উচ্চ সুদের ঋণ পরিশোধ করবে। পাশাপাশি স্বল্পমেয়াদি ঋণকে দীর্ঘমেয়াদি ঋণে রূপান্তরে এই অর্থ খরচ করা হবে। এর ফলে কোম্পানির নগদ অর্থের প্রবাহ বাড়বে। তাতে বাড়বে কোম্পানিটির তারল্য পরিস্থিতি তথা নগদ অর্থের জোগান, যা ব্যবসা বাড়াতে সহায়তা করবে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত