
আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিএসইসির ৮৮৫তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেস্ট হোল্ডিংস পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে। এই অর্থ কোম্পানিটি ভবন এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, দায় পরিশোধ এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে।
সর্বশেষ হিসাববছরে (৩০ জুন, ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৪ পয়সা। এছাড়াও গত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতি আয় ছিল ৯৫ পয়সা।
৩০ শে জুন, ২০২৩ সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়নসহ বেস্ট হোল্ডিংসের শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৫৬ টাকা ৩৪ পয়সা। পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৩২ টাকা ২৬ পয়সা।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শান্তা ইক্যুইটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত