আজকের পুঁজিবাজার:দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে সংগঠনটি অবিলম্বে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৪ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর এ বিষয়ে একটি চিঠি দিয়েছে ডিবিএ।
ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ফ্লোর প্রাইস আরোপের ফলে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডে দীর্ঘ সময় ধরে কার্যত লেনদেনবিহীন অবস্থায় রয়েছে। একইভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত ৩ মে ফ্লোর প্রাইসে অবস্থান করায় বিক্রেতাদের জন্য স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।
ডিবিএ আরও জানায়, ফ্লোর প্রাইসজনিত দীর্ঘমেয়াদি লেনদেন সীমাবদ্ধতা মার্জিন ঋণ গ্রহণকারী বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়াচ্ছে, যা বাজারের সামগ্রিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।
এছাড়া, এ ধরনের কৃত্রিম মূল্যসীমা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছে বলেও মনে করছে ডিবিএ।
এমন প্রেক্ষাপটে, সংশ্লিষ্ট শেয়ারগুলোর ওপর আরোপিত ফ্লোর প্রাইস অবিলম্বে প্রত্যাহার করে বাজারে স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর জন্য ডিবিএ বিএসইসির কাছে বিনীতভাবে আহ্বান জানিয়েছে।
ডিবিএ আশা করছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের গতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত