
আজকের পুঁজিবাজার:বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় ও ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০শে মে ২০২৬ ইং তারিখে রূপালী ব্যাংক কর্মচারী সংঘ (সিবিএ) কার্যালয়ে অনুষ্ঠিত ফেডারেশনের এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এছাড়া সভায় রূপালী ব্যাংক কর্মচারী সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের ১৫টি ব্যাংকের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 'মহান স্বাধীনতার ঘোষক' এবং 'বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা' হিসেবে অভিহিত করে ফেডারেশনের ব্যানারে তার শাহাদাতবার্ষিকীর কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনটির যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভায় শুধুমাত্র স্মরণসভার প্রস্তুতিই নয়, বরং বর্তমান ব্যাংকিং সেক্টরের সার্বিক পরিস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং বিদ্যমান সমস্যাসমূহ নিয়ে ১৫টি ব্যাংকের নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেন।
এ সময় বক্তারা ব্যাংকিং খাতের চলমান সংকট ও কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত সমাধানের জন্য ব্যাংক ফেডারেশন এবং শ্রমিক দলের সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে তাদের কার্যকর মধ্যস্থতা ও হস্তক্ষেপের অনুরোধ জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি মোঃ নূরুল হক সরদার (নিরু) এবং সাধারণ সম্পাদক হোসেন আহমেদের যৌথ স্বাক্ষর রয়েছে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত