
আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। বন্ডটির নাম-এআইবিএলপিএলসি ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড। ব্যাংকটিকে এই বন্ড ইস্যুর অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বাংলাদেশ অর্থনীতি
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩১ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এটি সম্পূর্ণভাবে অবসায়িত হবে। এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরযোগ্য নয়। এটি আনসিকিউরড বন্ড অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত থাকবে না। এর কুপন রেট তথা সুদের হার হবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের মধ্যে বরাদ্দ করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ব্যাসেল-৩ এর আওতায় তার টিয়ার-টু মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।
আলোচিত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
বন্ডটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করা হবে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত